ম্যাচ শুরু সন্ধ্যায়। প্রথম ইনিংসেই তাই দেখা মেলে শিশিরের। দ্বিতীয় ইনিংসে সেটা বেড়ে যায় কয়েকগুণ। এবারের টি-২০ বিশ্বকাপে তাই টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতে দেখা যাচ্ছে বেশিরভাগ দলকে। ইংল্যান্ডের বিপক্ষে আজকের সেমিফাইনালের আগে ভারতের দুশ্চিন্তার কারণও তাই শিশির।
ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল মনে করছেন, ইংলিশদের বিপক্ষে তাদের লড়াইয়েও বড় ভূমিকা রাখতে পারে শিশির। তাই টসও যে এখানে গুরুত্বপূর্ণ, সেটি মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
দ্বিতীয় সেমির আগের সংবাদ সম্মেলনে শিশির নিয়ে উদ্বেগ শোনা গেল মর্কেলের কণ্ঠে। সঙ্গে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কীভাবে খেলা উচিত, সেই ধারণাও দিলেন তিনি, ‘আমার মনে হয়, শিশির সবসময়ই বড় উদ্বেগের বিষয়। তবে টস তো আর নিয়ন্ত্রণ করা যায় না। ওয়াংখেড়েতে সবসময়ই বাড়তি বাউন্স পাওয়া যায়। ব্যাটাররা বাউন্সে ভরসা করে বলের লাইনে এসে শট খেলতে পারে, আবার বোলারদেরও ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। আমার মনে হয়, এখানে ব্যবধানটা খুবই সামান্য। বল দ্রুত ছোটে, মাঠও তুলনামূলক ছোট।’
মর্কেল আরও বলেন, ‘তাই এসবের সঙ্গে লড়াই করতে হবে, বর্তমানে থাকতে হবে এবং প্রতিটি বলে লড়াকু মানসিকতা দেখাতে হবে। কারণ, আগেই বলেছি, এই মাঠে ব্যাটারদের শক্তির জায়গাই তাদের দুর্বলতা হতে পারে। তাই মাঝেমধ্যে খুব বেশি রক্ষণাত্মক কিংবা স্রেফ আক্রমণ চালিয়ে যাওয়া যাবে না, কারণ সুযোগ যেকোনো সময় আসতে পারে।’
আজ সন্ধ্যা ৭.৩০ টায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। জয়ী দল ফাইনালে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।



