প্রথম ম্যাচে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে লড়াই করে হেরেছে বাংলাদেশ। নারী এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরেক শক্তিশালী প্রতিপক্ষ উত্তর কোরিয়া। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই মাঠে নামার আগে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার বলছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’।
তিনবারের এশিয়ান কাপজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সকালে সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে বাটলার সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ এখানে ‘ভাগ্যের জোরে’ আসেনি, বরং লড়াই করে নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে।
উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়ে বাটলার বলেন, ‘আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তাকান (৯ নম্বর, এশিয়ায় জাপানের পর দ্বিতীয়), তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’
উত্তর কোরিয়ার ফুল-ব্যাকরাও আক্রমণে আসেন এবং তাঁদের আটকানোর কৌশল নিয়ে প্রশ্নে বাটলারের আত্মবিশ্বাসী উত্তর, ‘কীভাবে তাদের থামানো যায়…ভালো প্রশ্ন। শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে।’
চীনের বিপক্ষে লড়াইয়ের পর ভক্তদের মনে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দানা বাঁধলেও বাটলার এখনই আকাশকুসুম কল্পনা করতে রাজি নন। তিনি সরাসরি বলেন, ‘না, আমি তা মনে করি না (কোয়ার্টার ফাইনাল)। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ। আমি শুধু চাই খেলোয়াড়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সাথে খেলুক।’
আগামীকাল ৬ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন ঋতুপর্ণা-আফঈদরা।


