খামেনির মৃত্যুতে সোচ্চার মন্দানা করিমি, ভারত ছেড়ে ইরানে ফেরার প্রস্তুতি – DesheBideshe

খামেনির মৃত্যুতে সোচ্চার মন্দানা করিমি, ভারত ছেড়ে ইরানে ফেরার প্রস্তুতি – DesheBideshe

তেহরান, ৪ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইরানে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মন্দানা করিমি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ভারত ত্যাগ করে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে ভারতে অবস্থানরত এই অভিনেত্রী ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে তিনি শিগগিরই ইরানে ফিরে যেতে চান।

মন্দানা বলেন, ইরান ইতিমধ্যেই তাদের নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং তিনি মনে করেন বর্তমান শাসনব্যবস্থার পতনের সময় এসেছে। তিনি এমন এক মুক্ত ইরানের স্বপ্ন দেখেন যেখানে নারীরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারবেন, পড়াশোনা করতে পারবেন এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। অভিনেত্রী আরও জানান, তিনি চান ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কোনো হুমকি না হয়ে বরং এই অঞ্চলের নির্মাতা হিসেবে আবির্ভূত হোক।

যেদিন বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘটবে, ঠিক সেই মুহূর্তেই তিনি দেশে ফিরবেন বলে জানান এবং তার ব্যাগ গোছানোই আছে। ভারতে দীর্ঘ সময় কাটানোর পর দেশটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত। মন্দানার মতে, ভারত তাকে মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ার এবং অনেক ভালোবাসা দিলেও বর্তমানে তিনি নিজেকে সেখানে একা মনে করছেন। ইরানে চলমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলায় তিনি অনেক বন্ধু হারিয়েছেন এবং তার মনে হচ্ছে ভারত তার সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছে। খামেনির মৃত্যুতে সৃষ্ট শূন্যতা এবং ইরানের পাল্টা হামলায় বিশ্ব রাজনীতিতে অস্থিরতা চরম আকার ধারণ করেছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top