ইকরার আত্মহত্যা: অভিনেতা আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা

ইকরার আত্মহত্যা: অভিনেতা আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা

ঢাকা: ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ মার্চ) ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর বলেন, অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভীর পরিবারের আরো কয়েকজনের নাম রয়েছে। এর মধ্যে তার মা-কেও আসামি করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনা ঘটে। এরপর তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। আর তা ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন অভিনেতা জাহের আলভী ও ইভনাথ খান ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।

Scroll to Top