রাজকীয় প্রেমের বিয়েতে কত খরচ করলেন বিজয়-রাশমিকা?

রাজকীয় প্রেমের বিয়েতে কত খরচ করলেন বিজয়-রাশমিকা?

দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হলো দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটির প্রেম কাহিনি রূপ নিল রাজকীয় বিয়েতে। আর সেই বিয়ের আয়োজন ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু; কত কোটিতে সারলেন তারা জীবনের সবচেয়ে বিশেষ দিনটি?

রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর আরাবল্লি পাহাড়ঘেরা এক বিলাসবহুল রিসর্টে বসে এই বিয়ের আসর। রাজকীয় সাজ, ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে সাজানো হয়েছিল পুরো ভেন্যু। জানা গেছে, ১১৭ কক্ষের ওই রিসর্টের প্রতিটি কক্ষের এক রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার রুপি পর্যন্ত। অতিথিদের জন্য একাধিক দিন ধরে বুকিং, আলোকসজ্জা, ফুলের ডেকোরেশন, নিরাপত্তা ও বিশেষ আতিথেয়তা, সব মিলিয়ে প্রাথমিক আয়োজনেই ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি রুপি।

তবে এ তো কেবল শুরু। প্রাক-বিবাহ অনুষ্ঠান, সঙ্গীত, মেহেদি, দুই ভিন্ন ধর্মীয় রীতিতে মূল বিয়ে এবং পরবর্তী সংবর্ধনা—সব মিলিয়ে খরচের অঙ্ক আরও অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিনোদন বিশ্লেষকদের মতে, পুরো আয়োজন শেষ হতে হতে ব্যয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে গিথা গবিন্দাম সিনেমায় একসঙ্গে কাজ করার পর। পর্দার রসায়ন বাস্তবেও গাঢ় হয়, এমনটাই বিশ্বাস ভক্তদের। যদিও দুজনেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই ছিলেন সংযত, তবু একসঙ্গে সময় কাটানো, বিদেশ ভ্রমণ কিংবা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি। সবকিছুই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছিল।

এই বিয়ের খরচ নিয়ে স্বাভাবিকভাবেই তুলনা টানা হচ্ছে বলিউডের বড় বাজেটের বিয়েগুলোর সঙ্গে। ২০১৭ সালে ভিরাত কহলি ও আনুষকা শর্মা’র ইতালির বিয়ের আনুমানিক খরচ ছিল প্রায় ১০০ কোটি রুপি। আবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিকস জনাসের এর বিয়েতে ব্যয় হয়েছিল প্রায় ৭৫ কোটি রুপি। সেই তুলনায় বিজয়-রাশমিকার আয়োজন কিছুটা সংযত বলেই মনে করছেন কেউ কেউ, যদিও দক্ষিণী তারকাদের বিয়েতে এমন জাঁকজমক আগে খুব একটা দেখা যায়নি।

তারকা অতিথিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ বন্ধু, নির্মাতা ও সহশিল্পীরা এই বিশেষ দিনে পাশে ছিলেন নবদম্পতির। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিয়ের বিভিন্ন ঝলক।কখনও ঐতিহ্যবাহী পোশাকে, কখনও আবার আধুনিক সাজে ধরা দিয়েছেন তারা।

সব মিলিয়ে বলা যায়, এটি শুধু একটি বিয়ে নয়; ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রেম, গোপনীয়তা, গুঞ্জন আর অবশেষে রাজকীয় ঘোষণা।সবকিছুর সমন্বয়ে বিজয়-রাশমিকার এই বিয়ে এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত অধ্যায়। সামনে রয়েছে আনুষ্ঠানিক রিসেপশন।সেখানেও চমক থাকবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

Scroll to Top