মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – চেক বাউন্স মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও শুটিং সেটে ফিরলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। মুম্বাই পৌঁছানোর পরপরই তিনি আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং শুরু করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলনও করবেন এই অভিনেতা। সম্প্রতি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার বেঞ্চ এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের জামিনদারের বিনিময়ে এই আদেশ দেন। আদালত উল্লেখ করেছে যে অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়া হয়েছে।
কারাগার থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজপাল। সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে আলাপকালে তিনি তাঁর দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন। আইনি জটিলতা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এ নিয়ে তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায় সঠিক ব্যাখ্যা দেবেন। তিনি বর্তমানে নিজের কাজে পূর্ণ মনোযোগ দিতে চান।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটিতে বিশাল তারকাবহর থাকছে। রাজপাল যাদব ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল ও জনি লিভারের মতো তারকারা। ২০০৭ সালের সুপারহিট ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬






