ঢাকা, ২২ ফেব্রুয়ারি – দেশের ক্রিকেটাঙ্গনে বর্তমানে বেশ অস্থিরতা বিরাজ করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের গভীর হতাশার কথা উল্লেখ করেছেন।
এমন পরিস্থিতির মধ্যেই আজ রবিবার দুপুরে এক জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। বোর্ডের পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের পরিচালকের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। এই চলমান অস্থিরতার অবসান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পরিচালকদের নিয়ে এই সভা আহ্বান করেছেন বোর্ড সভাপতি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজ দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া থেকেই সভায় ভার্চুয়ালি যোগ দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবারের সভার এজেন্ডায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে আসন্ন নারী বিপিএল আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া জাতীয় দলের জন্য নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬







