জনবান্ধব উদ্যোগে বদলে যাচ্ছে ঝিনাইদহ, প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক – DesheBideshe

জনবান্ধব উদ্যোগে বদলে যাচ্ছে ঝিনাইদহ, প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক – DesheBideshe

ঝিনাইদহ, ২০ ফেব্রুয়ারি – প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও জনবান্ধব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলায় স্বস্তি ফিরতে শুরু করেছে। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও দক্ষ জেলা প্রশাসক পাওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ তার প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে তিনি নিজের নিরপেক্ষতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর তিনি শহরের যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে জোরালো ভূমিকা রেখেছেন। ট্রাক ও বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, পাগলাকানাই সড়ক, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এবং টি-বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করায় সাধারণ মানুষের চলাচল এখন অনেক সহজ ও নির্বিঘ্ন হয়েছে। এছাড়া তিনি আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। টিআর ও কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতেও নিয়মিত তদারকি করছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধভাবে আবাদি জমির মাটি কাটা বন্ধ, সরকারি সম্পদ রক্ষা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতেও জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। প্রশাসনিক দায়িত্বের বাইরে মানবিক ও সামাজিক কাজেও তিনি সমান আগ্রহী। গত বুধবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই উদ্যোগটি দলমত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, ঝিনাইদহকে একটি সাজানো ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি বদ্ধপরিকর।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top