ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর দীর্ঘ প্রতীক্ষিত বলিউড অভিষেকের প্রহর এবার ফুরোচ্ছে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত রাজনৈতিক থ্রিলার ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। আসন্ন ঈদকে কেন্দ্র করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতিমধ্যেই এই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে।
হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথমবারের মতো বাংলা ভাষাতেও কোনো কনটেন্ট প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। সৌমিক সেন পরিচালিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রয়’ হিসেবে পর্দায় হাজির হবেন আরিফিন শুভ। প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে সত্তরের দশকের আবহে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। কখনও তিনি পরিপাটি স্যুটে আবার কখনও নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে ধরা দিয়েছেন। নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন যে এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুভূতি এবং পরিস্থিতির টানাপোড়েন প্রকাশ পেয়েছে সঙ্গীত ও নীরবতার সমন্বয়ে। টিজার সূত্রে জানা গেছে গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শাতাফ ফিগার এবং অমিত সাহা।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬






