পাক-ভারত ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত লড়াই বেশি রোমাঞ্চকর: নান্নু – DesheBideshe

পাক-ভারত ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত লড়াই বেশি রোমাঞ্চকর: নান্নু – DesheBideshe

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নানামুখী আলোচনা। হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাঁর মতে, ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ অনেক বেশি রোমাঞ্চকর হয়।

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এই উপমহাদেশের মধ্যে ভারত ও পাকিস্তানের খেলার চেয়ে বাংলাদেশ ও ভারতের খেলা অনেক বেশি প্রাণবন্ত হয়। এখন ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকেই দর্শকদের আগ্রহ বেশি থাকে। যদিও এবারের বিশ্বকাপে এই লড়াইটি দেখা যাচ্ছে না, তবুও ক্রিকেটপ্রেমীদের ফোকাস এখন সেদিকেই থাকে।

এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসন্ন পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বেশ উপকারী হবে বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচক। তিনি জানান, দীর্ঘ দিন ধরে দল পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছে না। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে এবং এখান থেকে ভালো ক্রিকেট উপহার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top