প্যারিস, ১৪ ফেব্রুয়ারি – চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ প্লে অফ ম্যাচের আগে প্রস্তুতিটা সুখকর হলো না প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির। লিগ আঁর ম্যাচে শুক্রবার রাতে রেনের মাঠে ৩ ১ গোলের ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরাজয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে প্যারিসের ক্লাবটি। ম্যাচের শুরু থেকে বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি।
প্রতিপক্ষের জালে বেশিবার শট নিয়েও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। পিএসজির ২২টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেনে মাত্র ১৩টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে এবং এর মধ্যে তিনটি গোল আদায় করে নেয়। ফরাসি চ্যাম্পিয়নদের একাধিক সুযোগ নষ্ট করার পাশাপাশি প্রতিপক্ষের গোলরক্ষক ব্রিস সাম্বা ছিলেন অতিমানবীয়। পুরো ম্যাচে তিনি ৬টি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্সে তীব্র হতাশা প্রকাশ করেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। দেম্বেলে বলেন আমরা ম্যাচটা অত্যন্ত বাজেভাবে শুরু করেছি। প্রতিপক্ষ খুব ভালো খেলেছে কিন্তু আমাদের আরো বেশি লড়াইয়ের মানসিকতা দেখানো উচিত ছিল। তিনি সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পিএসজির জন্য খেলতে হবে।
ব্যক্তিগতভাবে আলাদা খেললে কাঙ্ক্ষিত শিরোপা জেতা সম্ভব হবে না। গত মৌসুমের উদাহরণ টেনে দেম্বেলে জানান গত বছর তারা নিজেদের আগে ক্লাবকে প্রাধান্য দিয়েছিলেন এবং এবারও তাই করতে হবে। লিগ টেবিলে বর্তমানে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লঁস। অন্যদিকে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রেনে। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগে তলানির দল মেতজের মুখোমুখি হবে তারা।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬







