কারাকাস, ১৩ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পরেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বহাল আছেন। তার অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সরকারব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় পরিবর্তন ঘটেনি বলে নিশ্চিত করেছেন দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। দেলসি রদ্রিগুয়েজ বলেন, মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ভেনেজুয়েলার চুক্তি হলেও দেশ চলছে সংবিধান মেনেই।
তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেন যে নিকোলাস মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। তিনি এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়েই নিরপরাধ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি বর্তমানে যে দায়িত্ব পালন করছেন তা সাংবিধানিক বিধি মেনেই করছেন বলে জানান।
ভেনেজুয়েলা তেল সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। বর্তমানে বিশ্বে মোট ভূগর্ভস্থ তেলের এক পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলার খনিগুলোতে। এছাড়া দেশটিতে বেশ কয়েকটি স্বর্ণের খনি ও বিপুল স্বর্ণের মজুত রয়েছে।
তবে বামপন্থী প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত তিক্ত ছিল। ২০১৬ সালে ক্ষমতায় এসে ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন যা জো বাইডেনের আমলেও বহাল ছিল।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে মার্কিন আদালতে বিচারের প্রস্তুতি চলছে এবং বর্তমানে তারা ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
মাদুরোকে আটকের পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে এবং মার্কিন কোম্পানিগুলোকে এর দায়িত্ব দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এই নিয়ন্ত্রণ বজায় থাকবে।
প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটকের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। বিবিসিকে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা হলেও ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়নি।
এছাড়া ভেনেজুয়েলার ভিন্ন মতাবলম্বী ও নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো সম্পর্কেও তিনি কথা বলেন। দেলসি প্রশ্ন তোলেন মাচাদো কেন ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আহ্বান জানিয়েছিলেন এবং মাদুরোর আটকের ঘটনায় কেন তিনি উদযাপন করেছিলেন। দেশে ফিরলে মাচাদোকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





