অস্ট্রেলিয়া, ১৩ ফেব্রুয়ারি – যেকোনো বড় টুর্নামেন্টে একের পর এক ম্যাচের ধকল ও অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বেড়ে যায়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিভিন্ন দলের তারকা ক্রিকেটাররা ইনজুরিতে পড়েছেন। এবার আইসিসির এই মেগা আসর থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
চোটের কারণে তাঁদের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় স্কোয়াডে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগমুহূর্তে টেইলরের হ্যামস্ট্রিং চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে টপ অর্ডার ব্যাটার বেন কারানকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছিল জিম্বাবুয়ে যেখানে টেইলর ৩০ বলে ৩১ রান করার পাশাপাশি উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়েছিলেন।
জিম্বাবুয়ের হাতে এখনো দুটি ম্যাচ বাকি থাকায় স্যাম ও টম কারানের ভাই বেন কারানকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেন কারান ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৬ স্ট্রাইকরেটে ৮৭২ রান সংগ্রহ করেছেন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





