কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত এবং আহত ২৫ জন, জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, স্কুলের ভেতরে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হামলাকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে; তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া পৃথক একটি স্থান থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার বিরোধীদলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পইলিভর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একে অর্থহীন মর্মান্তিক সহিংসতা আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি স্থানীয় সময় রাত ৯টায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।
পাশের প্রদেশ আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথও ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ হামলার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।






