ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সমসাময়িক রাজনীতির নানা আলোচনা ও প্রেক্ষাপট নিয়ে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা ২৬’।
একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী। নেতার আস্থাভাজন হওয়া এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের প্রতিযোগিতায় তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। এই রাজনৈতিক রেষারেষির মাঝে যুক্ত হয় ত্রিভুজ প্রেমের সমীকরণ। দুই কর্মীই ভালোবাসেন এক নারীকে, যা তাদের বিরোধকে আরও উসকে দেয়।
রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বে তাদের বিভেদ চরমে পৌঁছায়। প্রভাবশালী নেতা নানাভাবে চেষ্টা করেও তাদের মধ্যকার সমস্যা নিরসনে ব্যর্থ হন। ফলে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে এবং জন্ম দেয় চূড়ান্ত এক পরিস্থিতির। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার এই নাটকটি শীঘ্রই এটিভি ইউএসএর পর্দায় প্রচারিত হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন ও জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা অ্যালেন শুভ্র জানান, রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প তাকে সবসময় টানে এবং এই গল্পটিও দর্শকদের ভালো লাগবে। অভিনেত্রী তাসনুভা তিশা নাটকের কাহিনীকে অত্যন্ত সমসাময়িক ও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬






