ঢাকা, ৭ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিতে দর্শক সমাগমে বড়সড় ধস নেমেছে, যার স্পষ্ট প্রমাণ মিলছে কলকাতার ইডেন গার্ডেন্সে।
স্টেডিয়ামটিতে প্রায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত মাত্র ২৯১৭টি টিকিট বিক্রি হয়েছে। ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করায় গ্যালারির এই শূন্যতা চোখে পড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। গ্রুপপর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টাইগাররা না থাকায় স্থানীয় দর্শকদের মধ্যে বিশ্বকাপের আমেজ বা আগ্রহে ভাটা পড়েছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, টিকিট বিক্রিতে চরম মন্দাভাব বিরাজ করছে এবং কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরের টিকিট কাউন্টারগুলোও প্রায় জনশূন্য। উদ্বোধনী দিনে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড মুখোমুখি হবে, অথচ টিকিট বিক্রির হার নগণ্য। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচের জন্য ৪৯৭০টি এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্যাচের জন্য মাত্র ১২৪৮টি টিকিট বিক্রি হয়েছে। এসব পরিসংখ্যান নির্দেশ করছে যে বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকিতে পড়েছে। টাইগারদের অনুপস্থিতিতে টুর্নামেন্টের জৌলুস কমার পাশাপাশি গ্যালারিতেও দর্শকখরার করুণ চিত্র ফুটে উঠেছে।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





