নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ (শনিবার) শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে ভারতের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র। তবে টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে পেসার হার্ষিত রানাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। তার জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ, যিনি দেড় বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের মেডিক্যাল বিভাগ তাকে (রানা) বিশ্বকাপের জন্য আনফিট বলে চিহ্নিত করেছে।’ এর আগে বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। এক ওভারের বেশি বোলিং করতে পারেননি এবং ১৬ রান দিয়েছেন। পরবর্তীতে এক ওভারে দুইবার রানআপ শেষ করতে না পারায় কিছুক্ষণ পর হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
ডানহাতি এই পেসারের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘হার্ষিত ভালো মনে হচ্ছে না। আজ (গতকাল শুক্রবার) আমরা জানব। যদি হার্ষিত ছিটকে যান, আমাদের জন্য এটা বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন খুঁজতে হবে। তবে আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’ পরবর্তীতে বিসিসিআই সিরাজকে রানা-প্রতিস্থাপন হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।
অনেকদিন ধরেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভারতীয় জাতীয় দলে বিবেচনায় ছিলেন না সিরাজ। ২০২৪ সালের জুলাইয়ে তিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৬ টি-টোয়েন্টিতে ৭.৭৯ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। তবে আইপিএলে তার অভিজ্ঞতা বেশি; ১৬০ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে ১৮৩ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, রানা বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটিংয়ে কার্যকর ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি তার হাফসেঞ্চুরির ইনিংসও আছে।
টি-টোয়েন্টি স্কোয়াডে ভারত মূলত ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দিয়েছে। তবে রানা না থাকায় বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই যদি অন্যান্য ক্রিকেটাররা ফিট থাকেন। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবের পাশাপাশি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও আছেন বিকল্প হিসেবে। বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং দায়িত্বে থাকবেন পেসে, আর বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব সামলাবেন স্পিন। রির্জার্ভ হিসেবে স্কোয়াডে সিরাজও যুক্ত হয়েছেন।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





