ভারত, ৬ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হওয়া নিয়ে উত্তেজনার মধ্যেই বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ হিসেবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা এসএলসি পাকিস্তানকে কলম্বোতে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি খেলার আহ্বান জানায়। এসএলসি মনে করছে পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকলে শ্রীলঙ্কা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে এবং পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য দ্বীপরাষ্ট্রটি ২০২২ সালের পর থেকে এখনো অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তৎপর হয়ে উঠেছে। যদিও পাকিস্তান সরকার গণমাধ্যমে বয়কটের কথা জানিয়েছে তবে আইসিসিকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। বিশ্ব ক্রিকেট সংস্থাটি তাৎক্ষণিকভাবে নমনীয় অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং বিশেষ প্রতিনিধি নিয়োগের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এসএলসি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই অনুরোধ জানিয়েছে।
\আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই আসরের উদ্বোধনী দিনে ভারত নিজেদের মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। একই দিনে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে পাকিস্তান। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন যে রাজনৈতিকভাবে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা ভারতের বিপক্ষে সংহতি জানিয়ে এই কঠোর অবস্থান নিয়েছেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকে নাকি আলোচনার মাধ্যমে মাঠে ফেরে সেটাই এখন দেখার বিষয়।
এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬






