ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – প্রযুক্তিগত ত্রুটির কারণে ঐতিহাসিক আর্টেমিস–২ মিশন স্থগিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও পরীক্ষার সময় সমস্যা ধরা পড়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, আর্টেমিস–২ মিশনের মাধ্যমে নভোচারীদের চাঁদের চারপাশে পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে মিশনটি অন্তত মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন করে উৎক্ষেপণের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করেনি নাসা।
এই অভিযানটি ৫০ বছরেরও বেশি সময় পর মানুষকে চাঁদের নিকটে পাঠানোর প্রথম মিশন হতে যাচ্ছিল। এতে নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার যথাক্রমে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে ভ্রমণের রেকর্ড গড়ার কথা ছিল।
মিশনে ব্যবহৃত স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ পরীক্ষার সময় হাইড্রোজেন লিক শনাক্ত করা হয়। পাশাপাশি রকেটের ওপর স্থাপিত ওরিয়ন ক্যাপসুলের একটি ভাল্ভেও ত্রুটি ধরা পড়ে। এই ক্যাপসুলেই চার নভোচারী প্রায় ১০ দিনের মিশনে অবস্থান ও কাজ করবেন।
নাসা জানিয়েছে, দুই দিনের পরীক্ষায় প্রকৌশলীরা একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং সংগৃহীত সব তথ্য নতুন করে পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, আর্টেমিস কর্মসূচির প্রথম অভিযান আর্টেমিস–১ ২০২২ সালে সফলভাবে সম্পন্ন হয়। আর্টেমিস–২ মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ না করলেও, এটি হবে ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনের পর প্রথমবারের মতো প্রায় ৬ লাখ ৮৫ হাজার মাইল দীর্ঘ চাঁদভ্রমণ। এই মিশনই ভবিষ্যতের আর্টেমিস–৩ অভিযানের ভিত্তি তৈরি করবে, যার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নভোচারীদের অবতরণ।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬







