ঢাকা, ৫ ফেব্রুয়ারি – জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কয়েক দফা আলটিমেটাম দেওয়ার পর বৃহস্পতিবার রাতে যমুনার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান নেন মঞ্চের কর্মী ও সমর্থকরা।
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হয়েছে যে শত শত পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য তাদের ঘিরে রেখেছে এবং লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতির খবর পাওয়া গেছে।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা পর্যন্ত মৃত্যুভয় থাকলেও তারা অবস্থান থেকে সরবেন না।
এর আগে তদন্তের বিষয়ে নিশ্চয়তা পেতে এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এক ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো বার্তা না এলে ছাত্র জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে। বর্তমানে কর্মী ও সমর্থকরা যমুনার সামনে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার ও তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬







