ঢাকা, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চূড়ান্ত ঘোষণা দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় এবং এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। শাহবাজ শরিফ বিষয়টিকে একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দলটি মাঠে নামবে না।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





