ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে পাকিস্তান।
এরই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। শুরুতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও গত বুধবার ৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট করেন যে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ শরীফ বলেন খেলার মাঠে রাজনীতি কাম্য নয় এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। তিনি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে একটি উপযুক্ত ও বিবেচনামূলক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা মাঠে নামবে না। এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে নির্ধারিত ম্যাচে অংশ না নিলে পাকিস্তানকে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





