নেপালকে ৪-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ – DesheBideshe

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ – DesheBideshe

নেপাল, ৪ ফেব্রুয়ারি – নেপালের পোখরা স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল কোচ পিটার বাটলারের শিষ্যরা। আগামী শনিবার অনুষ্ঠেয় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দিনের অন্য ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ভারতের ফাইনাল নিশ্চিত হয়।

ভারতের বিপক্ষে আগের ম্যাচে ২-০ গোলের জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল বাংলাদেশকে। এদিন বেঞ্চের শক্তি পরীক্ষার জন্য শুরুর একাদশে আলপি আক্তার, শান্তি মার্দি ও অধিনায়ক অর্পিতা বিশ্বাসকে রাখেননি কোচ। তবে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করে ম্যাচের আলো কেড়ে নেন আলপি আক্তার।

ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই লিড নেয় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার কিক থেকে দূরের পোস্টে দারুণ হেডে বল জালে জড়ান প্রতিমা মুন্ডা। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা আলপি। বিরতির পরও আধিপত্য বজায় রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬৬তম মিনিটে সতীর্থ শান্তির লম্বা পাস ধরে অফসাইড ফাঁদ এড়িয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি।

নির্ধারিত সময় শেষ হওয়ার নয় মিনিট আগে নেপালি ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। এই জয়ে টানা তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top