দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। শীর্ষে থাকলেও তাই স্বস্তিতে ছিল না বার্সেলোনা। লা লিগার ম্যাচে এলচেকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান ৪ এ নিয়ে গেল বার্সা। দাপুটে জয়ে তাই শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।

এলচের মাঠে পুরোটা সময়জুড়েই ছিল বার্সার দাপট। ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ৩০টি, যার আটটি ছিল লক্ষ্যে। আর এলচের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান লামিন ইয়ামাল।

২৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে এলচে। আলভারো রদ্রিগেজের গোলে উল্লাসে ভাসে স্বাগতিকরা। ৪০ তম মিনিটে লিড ফিরে পায় বার্সা। ফেরান তোরেসের গোলে ২-১ এ এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

৭২ মিনিটে দলের তৃতীয় গোল আসে র‍্যাশফোর্ডের পা থেকে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

Scroll to Top