ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল। নিজেদের মাঠে উলভসকে ২-০ গোলে হারিয়ে সেই চাপ আজ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এক ম্যাচ বেশি খেললেও আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন চার। ২২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫০, সিটির ২৩ ম্যাচে ৪৬।
আগামীকাল রাতে এমিরেটসে আর্সেনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারালে আর্সেনালের শিরোপা স্বপ্ন বড় ধাক্কাই খাবে। আজকের জয়টি সিটিকে বেশ স্বস্তিও এনে দিয়েছে। এই ম্যাচ দিয়ে ২০২৬ সালে লিগে প্রথম জয়ের দেখা পেল সিটি। এর আগে চার ম্যাচ খেলে ৩টি ড্র ও ১টিতে হেরেছিল ইতিহাদের ক্লাবটি।





