ঢাকা, ২৪ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সন্তান ও তার ভাইকে হত্যার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি করেন ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, হাদির ভাই নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যার পর থেকেই তিনি ও হাদির সন্তান গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় তাদের ওপর হামলা বা হত্যার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। এসব কারণে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেন।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬






