এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি ভিত্তিতে ফেরত যেতে হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আজ (২১ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিন্সের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে মার্কিন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিরাপদে অবতরণ করে এয়ারফোর্স ওয়ান।
তবে, ট্রাম্প ও তার সফরসঙ্গীরা এই বিপত্তি পরেও দাভোসের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন। তারা রাত ১১টা ৪৫ মিনিটে ছোট দুটি বিমানে পুনরায় যাত্রা করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানায়, উড়োজাহাজে সামান্য বৈদ্যুতিক গোলযোগ দেখা দেওয়ায় তা যুক্তরাষ্ট্রে ফিরে আসে।
এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা বদলাতে হয়। সেসময়ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া তাদের বহনকারী হেলিকপ্টারে হাইড্রলিক ত্রুটি অনুভব করলে সেটি জরুরি অবতরণ করতে হয়েছিল।



