ঢাকা, ১৬ জানুয়ারি – বিপিএল নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটার অবশেষে অবসান হয়েছে। বৃহস্পতিবার সারাদিন নানা নাটকীয় ঘটনার পর রাতে বৈঠক শেষে সুখবর পাওয়া গেছে যে বিপিএল আবার শুরু হচ্ছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই মাঠে গড়াচ্ছে খেলা। ১৫ জানুয়ারি যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, সেগুলোই হবে আজ ১৬ জানুয়ারি। রাতে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
কোয়াবের সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল আবার চালু হওয়ার বিষয়ে বিস্তারিত জানান বিপিএলের সদস্য সচিব মিঠু। তিনি বলেন, ১৫ জানুয়ারির দুটি ম্যাচ হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুটি ম্যাচ হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। এছাড়া যারা ১৫ জানুয়ারির টিকিট কেটেছিলেন, তারাই সেই টিকিট দেখিয়ে ১৬ জানুয়ারির খেলা দেখতে পারবেন।
প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। আগে যেমন ঠিক করা ছিল, সেই অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ হবে চট্টগ্রাম রয়্যালস। আর ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের এবং ঢাকা ক্যাপিটালস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।
এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার ক্রিকেটাররা বিপিএল বয়কট করেন। এরপর বিসিবি বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে পরে রাতে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় এবং শেষ পর্যন্ত বিপিএল আবার মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬






