ইরানের বিক্ষোভ সফল করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স – DesheBideshe

ইরানের বিক্ষোভ সফল করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স – DesheBideshe

তেহরান, ১০ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী চলমান বিক্ষোভে অংশ নেওয়া জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। একই সঙ্গে বিক্ষোভ সফল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের উদ্দেশে পাহলভি বলেন, “জনাব প্রেসিডেন্ট, আমি জরুরি ভিত্তিতে আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপ প্রত্যাশা করছি। গত রাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি তার ক্ষমতা টিকিয়ে রাখার শেষ পন্থা হিসেবে সহিংসতাকেই বেছে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “ইরানের জনগণ এখন বুলেটের মুখোমুখি, অথচ আমরা সেখানকার প্রকৃত পরিস্থিতির খবর পাচ্ছি না। কারণ সরকার সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন—সবই অচল করে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, তীব্র মূল্যস্ফীতি ও লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের চাপে নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।

মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে বিক্ষোভকারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।

বিক্ষোভ দমনে ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানী তেহরানসহ প্রায় সব শহরে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।

মার্কিন সাময়িকী টাইমস–এর তথ্য অনুযায়ী, গত ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে ইরানে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামপন্থি সরকারকে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে আসছেন। তিনি সতর্ক করে বলেছেন, আন্দোলন দমনে যদি সরকার অতিরিক্ত সহিংস পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের কথাও বিবেচনা করতে পারে। এ পর্যন্ত চারবার প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন তিনি।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Scroll to Top