এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী মারিয়া মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মাচাদো যে পুরস্কারটি তাকে দিতে চান, সেটি তিনি সাদরে গ্রহণ করবেন।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এ আগ্রহের কথা জানান।
ট্রাম্প বলেন, “আমি বুঝতে পারছি, তিনি আগামী সপ্তাহে কোনো এক সময় আসছেন এবং আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”
ট্রাম্প আরও যোগ করেন, তিনি শুনেছেন মাচাদো তার কাছে পুরস্কারটি দিতে চান এবং সেটি আমার জন্য বড় সম্মান হবে।
যদিও হোয়াইট হাউস বৃহস্পতিবার রাত পর্যন্ত মাচাদোর সফরের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কিংবা তিনি ও ট্রাম্প কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন তা নির্দিষ্ট করে জানায়নি।
এর আগে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রশংসা করে মাচাদো বলেছিলেন, ‘‘অক্টোবরের পর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি।’’
ওই সময়ই তাকে সর্বশেষ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
অপরদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকার শেষ দিনগুলোতে মাচাদো ভেনিজুয়েলায় আত্মগোপনে ছিলেন। পরে তার পক্ষে তার মেয়ে পুরস্কারটি গ্রহণ করেন। তবে মাচাদো প্রতিশ্রুতি দেন যে, তিনি দেশে ফিরে যাবেন এবং মাদুরোর পরিবর্তে নতুন নির্বাচনের আহ্বান জানান।
মাচাদো বলেছিলেন, “আজ আমি ভেনিজুয়েলার জনগণের পক্ষ থেকে বলতে চাই, ট্রাম্পের সাহসী অভিযানের জন্য আমরা কৃতজ্ঞ।”
তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি করার পর তিনি এবং ভেনিজুয়েলার জনগণ ট্রাম্পের সঙ্গে এই পুরস্কারটি ‘ভাগ করে নিতে’ চান।
মাচাদো দুই বছর আগে ভেনিজুয়েলায় বিরোধী জোটের প্রাইমারিতে জয়ী হলেও সাধারণ নির্বাচনে প্রার্থী হতে তাকে বাধা দেয় মাদুরো সরকার।
মাদুরোকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের অভিযানের পর ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা পরিচালনা করবে। রদ্রিগেজ মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।




