ঢাকা, ০৯ জানুয়ারি – সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—এমন সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে ইসির বরাতে জানানো হয়, পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি। এ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে কমিশন।
ইসির ব্যাখ্যায় বলা হয়, আপিল বিভাগের আদেশ অনুযায়ী নির্বাচন স্থগিত হয়নি, বরং আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। অর্থাৎ ভোটগ্রহণ বাতিল বা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। তবে পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, ভোট স্থগিত নয়, কেবল আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত রয়েছে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬






