ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার করিম উল্ল্যাহ ভবনের সাত তলা থেকে নিচে পড়ে সায়ান সাইফুল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সায়ান ফেনী পৌরসভার পূর্ব উকিল পাড়ার মুন্সি পুকুর পাড় এলাকায় করিম উল্ল্যাহ ভবনের ভাড়াটিয়া ও ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রভাতী শাখার শিক্ষক সাইফুল ইসলাম শামীমের ছেলে। তাদের পৈত্রিক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজে নিজে খেলার সময় সাত তলার বারান্দা দিয়ে তার বল নিচে পড়ে যায়। ওই সময় তার মা শৌচাগারে ছিল। সায়ান নিচে পড়ে যাওয়া বলটি কুড়িয়ে নেওয়ার জন্য ঐ ভবনের পিছনের অংশের একটি গেইটের তালা খুলে ছোট সিড়ি দিয়ে নিচে নামছিলো। বলটি সে ধরতে পারবে ভেবে নিচের দিকে যাওয়ার সময় আকস্মিক ভাবে সিড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায়। এতে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে রাত ৮ টার দিকে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সায়ানের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
নিহত শিশুর বাবা সাইফুল ইসলাম শামীম জানান, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ভবনের পেছনের সিড়ির বাহিরের গেইটটি সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু আজ গেইটটি খোলা ছিলো।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমা পা পিছলে নিচে পড়ে এক শিশুর নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





