অভিজ্ঞতায় অসম দুই দলের লড়াই

অভিজ্ঞতায় অসম দুই দলের লড়াই

শ্রীলঙ্কা দল মাত্রই অনুশীলন শেষে হোটেলে ফিরেছে। ফিরে সরাসরি সিলেট গ্র্যান্ড হোটেলের নয়তলার মিটিং রুমে। রুদ্ধদ্বার সভা নয়। দরজা খোলা, ভেতরের কিচিরমিচির বাইরে আসছে। সেটির ভাষা সিংহলিজ বলে কথাবার্তা বোঝার উপায় নেই। তবে সবচেয়ে সরব কণ্ঠটা সহজেই শনাক্ত করা গেল। অ্যাঞ্জেলো ম্যাথুস।

ঘড়িতে তখন বিকেল পাঁচটা। বাইরে মেঘলা আকাশের নিচে সিলেট বিষণ্ন থেকে বিষণ্নতর হচ্ছে। দুপুর পর্যন্ত ঢাকাকে যেমন দেখে এসেছি, সিলেট যেন তার ফটোকপি। ঘণ্টা দুই-আড়াই আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আজ শুরু সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শেষ চার দিনই যেটি আসবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।

শ্রীলঙ্কার টিম মিটিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের সবচেয়ে সরব থাকাটায় অবশ্য অবাক হওয়ার কিছূ নেই। কথা তো বেশি বলবে ‘বড়’রাই। শুধু শ্রীলঙ্কা দলেই নয়, দুই দল মিলিয়েই ম্যাথুস বড়। বয়সে যেমন, তেমনি অভিজ্ঞতাতেও। ৩৭ ছুঁই ছুঁই অলরাউন্ডার সিলেটে খেলতে নামবেন ১০৮তম টেস্ট। তিন গ্রেট জয়াসুরিয়া, সাঙ্গাকারা ও জয়াবর্ধনেই শুধু শ্রীলঙ্কার হয়ে এর চেয়ে বেশি টেস্ট খেলতে পেরেছেন।

Scroll to Top