কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ার কারণে পরীক্ষায় বসতে পারেনি ১৭ বছর বয়সি এক ছাত্র। সেই হতাশায় নিজেকে শেষ করল শিক্ষার্থী। বাবার কাছে ক্ষমা চেয়ে ‘আর পরীক্ষা দিতে পারলাম না বাবা’ লিখে খালে ঝাঁপিয়ে আত্মহত্যা করে ওই ভারতীয় ছাত্র।
শনিবার ২ মার্চ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার তেলেঙ্গানার আদিলাবাদ জেলার মাঙ্গরুলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তার। নির্দেশ দেওয়া ছিল, কোনও পরীক্ষার্থী এক মিনিট দেরি করে কেন্দ্রে প্রবেশ করলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে ১৫ মিনিট দেরি করে পৌঁছেছিল ওই ছাত্র। পরীক্ষায় তাকে বসতে দেওয়া না হলে সাড়ে ৯টা নাগাদ পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে যায় সে। পরে বাড়ি ফেরার পথে খাল থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, লাশ উদ্ধার করার সময় একটি সুইসাইড নোট খুঁজে পায় পুলিশ। বাবাকে উদ্দেশ্য করে ছাত্রটি সেই চিঠি লিখেছে বলে জানায় পুলিশ। বাবার কাছে ক্ষমা চেয়ে চিঠিতে লিখে জানায়, কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার কারণে পরীক্ষা দিতে পারিনি। ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে একটি ঘড়ি এবং মানিব্যাগ পেয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে তেলেঙ্গানা পুলিশ।





