স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন দীপায়ন হালদার নামের এক যুবক। মানসিক শান্তি না পেয়ে অবশেষে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ভারতীয় ওই যুবক।
বুধবার ২১ ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন যুবক।
প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদের বহরমপুরের বলরামপুরে এই ঘটনা ঘটে। বুধবার সকালে পরিবারের লোকেরা ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে রক্তাক্ত দেহ। তার পরেই খবর দেওয়া হয় বহরমপুর থানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’বছর আগে একই এলাকার এক যুবতীর সাথে বিয়ে হয়েছিল তার। দাম্পত্য কলহের কারণে বেশ কিছু দিন আগে দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন দীপায়ন। বুধবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবারের লোকেরা। আর দেখতে পান, রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
বিজ্ঞাপন

বহরমপুর থানার পুলিশ এসে দীপায়নকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীপায়ন অস্ত্র কোথা থেকে পেলেন, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
দীপায়নের আত্মীয় দ্বিজেন হালদার বলেন, পারিবারিক সমস্যার কারণে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মাঝে মধ্যেই মদ্যপান করত দীপায়ন। গতকাল মঙ্গলবার মদ খেয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। বেআইনি অস্ত্র কোথা থেকে পেল, তদন্ত করে দেখুক পুলিশ।
মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’






