বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুটি গরুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে কৃষক মোস্তাফিজুর রহমানের গোয়ালঘরসহ চারটি ঘর ও আসবাবপত্র পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়া (৭৫) মোস্তাফিজুর রহমনের শ্বাশুড়ি।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১২ টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শ্বাশুড়ি কাবাশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাপত্র, গরু বিক্রি করার নগদ ৭০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে, অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামের সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।




