ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে ছয় দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও শঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানার সামনে লুঙ্গি পরে চলাফেরা ও সালাম না দেওয়ার ঘটনায় যবিপ্রবি ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থী মানজুরুল হাসানকে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৩০৮ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও হলের প্রভোস্টের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ করেন। মানজুরুল বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। যদিও ছাত্রলীগের সভাপতি সোহেল রানা নির্যাতনের ঘটনা অস্বীকার করেছেন।




