বর্ণগুলোর রূপকথার সাজ, দেখা যাবে বর্ণমেলায়

বর্ণগুলোর রূপকথার সাজ, দেখা যাবে বর্ণমেলায়

প্রতিযোগিতায় পাঠানো বর্ণগুলো নিয়ে বিচারকেরা আজ সোমবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে বসেন। সেখানে সারা দেশ থেকে পাঠানো বর্ণ থেকে সেরা ৯টি বর্ণ বাছাই করা হয়।

এ প্রতিযোগিতায় আসা বাহারি সাজের বর্ণগুলো আগামী বুধবার রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বর্ণমেলায় প্রদর্শন করা হবে। সেখানে দেখা মিলবে বোতাম ও বাদামের ‘ব’, পাতার ‘প’, চালের ’চ’, ম্যাচের কাঠির ‘ক’–এর মতো হরেক রকম বর্ণ।

এ প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান, আবদুল মান্নান, আনিসুজ্জামান সোহেল, ফারেহা জেবা, অশোক কর্মকার ও মাসুক হেলাল।

শিল্পী ফারেহা জেবা বলেন, এ ধরনের প্রতিযোগিতা বাংলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে। শিশুদের কল্পনার যে নানা বৈচিত্র্য আছে, সেটা উঠে এসেছে। ছোট বাচ্চাদের কাজের বিচার করা কঠিন, কিন্তু বিষয়টি তিনি খুবই উপভোগ করেছেন।

আরেক বিচারক শিল্পী ওয়াকিলুর রহমান দীর্ঘদিন ধরে বর্ণমেলার সঙ্গে যুক্ত। তিনি আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আরও নতুন নতুন বিষয় উঠে আসবে।

Scroll to Top