লালমনিরহাটে ট্রাকে মিলল ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি

লালমনিরহাটে ট্রাকে মিলল ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি

লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরে পাথরের ট্রাকের নিচে বিশেষ কৌশলে অবৈধভাবে পাচার করা ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ৬১ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দরের ইসলামপুর কলাবাগান এলাকা অভিযান চালায় বিজিবি। এ সময় ট্রাকসহ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর হয়ে আমদানি করা ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাক ইসলামপুর কলাবাগান এলাকায় আটক করে বুড়িমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এ সময় তল্লাশি চালিয়ে ট্রাকটির নিচে বিশেষ কৌশলে রাখার উন্নত মানের ৩৯২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারতীয় শাড়ি পরিবহন করার দায়ে ট্রাকটি ও ট্রাকে থাকা ৩১ মে.টন পাথর জব্দ করে বিজিবি সদস্যরা।

উদ্ধার করা ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ২৪ লাখ ৮৪ হাজার টাকা এবং জব্দ করা পাথরের মূল্য ৯৩ হাজার ও ট্রাকটির মূল্য ৫৫ লাখ টাকা। সব মিলে মোট ৮০ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করে বিজিবি।

Scroll to Top