আধিপত্য বিস্তারে সংঘর্ষ; নিহত ১, পুলিশসহ আহত ২০

আধিপত্য বিস্তারে সংঘর্ষ; নিহত ১, পুলিশসহ আহত ২০

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ সময় ৩ জন এসআই, ৫ জন পুলিশের কনেস্টলসহ অন্তত ২০ জন আহত হন। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পান্না মোল্লা (৪০)। তিনি মোল্লারকুল গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামের খাঁকি ও কাজী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে রোববার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাসেলুর রহমান, মোল্লারকুল গ্রামে স্থানীয় খাঁকি ও কাজী বংশের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ বেশ পুরানো। সেই বিরোধের জেরে রোববার বিকেলে মোল্লারকুল হাটে কাজী বংশের দুই সমর্থকের সঙ্গে খাঁকি বংশের সমর্থকদের কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা আলাদাভাবে ঢাল, ইট পাটকেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্র নিয়েও হামলা চালায় তারা। এতে দুই পক্ষই বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে পুলিশ। উভয়পক্ষের সংঘর্ষে কাজী বংশের সমর্থক পান্না মোল্লা নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের ছয়জন সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাসেলুর রহমান আরও বলেন, পান্না মোল্লা গুলিতে না দেশীয় অস্ত্রের আঘাতে মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Scroll to Top