পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। এই সরকারের মন্ত্রিসভায় না থাকার ঘোষণা দেওয়া বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পিপিপি জাতীয় পরিষদের স্পিকারের পদ চাইছে। এ পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করেছে তারা। তাঁদের একজন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ-এর সূত্র অনুযায়ী, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হতে পারেন পিএমএল-এন নেতা ও সাবেক অর্থমন্ত্রী ইশাক দার। তবে তিনি এবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পেলে পিএমএল-এন নেতা আজাম নাজির সিনেট চেয়ারম্যান হতে পারেন।
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে পিএমএল-এন। কেন্দ্রে তাদের সঙ্গে জোটে আসা পিপিপি পাঞ্জাবে গভর্নরের পদ চাইছে। এ পদের জন্য কামার জামান কাইরাকে মনোনীত করেছে তারা। অপরদিকে সিন্ধু প্রদেশের গভর্নরের পদ চেয়েছে কেন্দ্রে জোটের আরেক শরিক এমকিউএম-পি। এখানে সবচেয়ে বেশি আসন পেয়েছে পিপিপি। এমকিউএম বলেছে, পিপিপি যদি তাদের এ দাবি মেনে না নেয়, তাহলে প্রেসিডেন্ট পদে আসিফ আলী জারদারিকে ভোট দেবে না তারা।




