পাকিস্তানের জার্সিতে সর্বশেষ (অক্টোবরে) ২০২৩ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে খেলেছেন আসিফ। সেটি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন তা–ও প্রায় এক বছর হয়ে গেল। এ সময়ে নিজের ঘাটতিগুলো পূরণের চেষ্টা করেছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। ফিরতে চান জাতীয় দলে। সেই আশায় আসিফ বলেছেন, ‘চাপের অপর নাম ক্রিকেট। তাই একটু ভালোভাবে সামলাতে হয়। আমার বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা আছে। নিজের ঘাটতিগুলোও পূরণের চেষ্টা করেছি, যেটা আমি পিএসএলে দেখাতে চাই। আমি আশা হারাইনি। ভাগ্য ভালো হলে দলে ফিরব। সে জন্য প্রথম ধাপ হলো পিএসএলে ভালো করা।’
পাকিস্তানের চারটি শহরে এবার পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে—করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি। ১৮ মার্চ করাচিতে ফাইনাল। বাবর আজমের অধিনায়কত্বে রোববার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি।





