মস্কো, ১৬ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নয় বরং জো বাইডেনকেই বেশি পছন্দ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ একটি টেলিভিশন চ্যানেলকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে তিনি বলছেন, ‘জো বাইডেন অনেক অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষ যার সম্পর্কে অনুমান করা যায়।’
তবে তার এ মন্তব্য একই সঙ্গে বিস্ময় ও সংশয়ের জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারো ‘কথার খেলা’ শুরু করেছেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়া ওয়ান টিভির সাংবাদিক পাভেল জারুবিনের প্রশ্ন ছিল, ডেমোক্র্যাট বাইডেন ও রিপাবলিকান ট্রাম্পের মধ্যে কে রাশিয়ার জন্য ভালো? উত্তরে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেন। তিনি অভিজ্ঞ, অনুমানযোগ্য ব্যক্তি। তিনি পুরনো ধারার রাজনীতিবিদ। তবে আমরা যেকোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চাই, যার ওপর আমেরিকান জনগণ আস্থা রাখে।’
রুশ প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ থেকে প্রমাণিত হয়, ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তার অবস্থান জো বাইডেনের চেয়ে অনেক বেশি জোরালো। সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তার পরও রুশ প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউজে দেখতে চান না। পুতিনের বাইডেনকে বেছে নেয়াকে অনেকে নেতিবাচক মনে করতে পারেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আসলে এটা আমার জন্য ভালো।’
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮১ বছরের জো বাইডেন। গত বছরই তার নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। তবে বয়স বিবেচনায় দায়িত্ব পালনে তার স্বাস্থ্যগত সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাক্ষাৎকারে এ বিষয়টির প্রতিও আলোকপাত করেন ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘কয়েক বছর আগে সুইজারল্যান্ডে তার সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছে। তখনো দেশ পরিচালনায় তার সক্ষমতা নিয়ে লোকজন প্রশ্ন তুলছিল। তবে তার মধ্যে বয়সজনিত কোনো অসুবিধা আমি দেখিনি। এটা ঠিক যে তিনি কাগজপত্রের দিকে তাকিয়ে থাকেন। সত্যি বলতে আমিও ঠিক একই কাজ করি। এটা অস্বাভাবিক কিছু নয়।’
সাক্ষাৎকারে ইউক্রেন ইস্যুতেও কথা বলেন ভ্লাদিমির পুতিন। এ যুদ্ধে জো বাইডেনের অবস্থানকে ‘অত্যন্ত ক্ষতিকর ও ভ্রান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা সামরিক জোটটিতে ইউক্রেনের যোগদানের বিষয়ে মস্কো আগে থেকেই উদ্বিগ্ন। এ উদ্বেগ এখনো রয়েছে। এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে ‘অসাধারণ ও খুবই বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করেছিলেন ভ্লাদিমির পুতিন। শেষ পর্যন্ত ওই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভোটে রাশিয়ার হস্তক্ষেপ ছিল এমন অভিযোগে দীর্ঘ তদন্তের মুখে পড়তে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে। গত শনিবারও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোতে চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে মস্কোকে ‘উৎসাহিত’ করবেন তিনি। সূত্র: বিবিসি ও রয়টার্স।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪




