ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ থামতে দিলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের এবং টেসলা প্রধান ইলন মাস্ক। তার এমন দাবির পর বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এনডিটিভি জানিয়েছে, একটি ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের মুখোমুখি হয়ে ইলন মাস্ক বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরে আসলে তাকে হত্যা করা হতে পারে। নিজের স্বার্থে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এছাড়াও এসময় তার বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগ অস্বীকার করেছেন ইলন মাস্ক। মাস্কের জোর দাবি, তার অধীনস্থ সংস্থাগুলো, বিশেষকরে স্টারলিঙ্ক রাশিয়াকে দুর্বল করার জন্য বিশেষ অবদান রেখেছে। সেই সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোন পক্ষই জিতবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন ইলন মাস্ক।





