জানা গেছে, ওই বছরের ঈদে আবার অবন্তীর বাড়িতে সিয়াম ও তাঁর বন্ধুদের আড্ডা হয়। ঈদের দুই দিন পরের সেই আড্ডায় তাঁরা বন্ধুরা মিলে বাজার করে নিয়ে যান। সবাই মিলে রান্নাবান্না করেন। খাওয়াদাওয়া করেন। আড্ডা চলে। তখনো সিয়ামকে ভাইয়া বলে ডাকতেন অবন্তী।
সেই গল্প এভাবেই জানালেন অবন্তী, ‘ঈদের দুই দিন পর এসেছিল, আমাদের রান্নাবান্না সেভাবে ছিল না। ওরা সবাই মজা করে রান্নাবান্না করে। আমিও সিয়ামকে বলেছি, ভাইয়া, আপনাকে চিকেন দিই? খিচুড়ি দিই? পরের বছর ২০১২ সালের জানুয়ারিতে একটা পিকনিকে আমাদের আবার দেখা।’
তখনো দুজনের মধ্যে মনের লেনদেন হয়নি। এর কিছুদিন পর আবার দেখা তাঁদের দুজনের। এবারও আরেক বন্ধুর ছাদে। সেদিন সব আড্ডা শেষে দুজনের একটা ছবি তোলা হয়েছিল। অবন্তীর বোনই চেয়েছিলেন ছবিটা তুলতে। কারণ, একটা ঘটনায় দুজনের মনোমালিন্য হয়। অর্পিতা চাইছিলেন না এটা আরও দীর্ঘ হোক।
সিয়াম বললেন, ‘অবন্তীর তোলা সেই ছবি আজও তার আয়নার পেছনে লাগানো আছে। আমার বন্ধুটা, ওর বোন হয়তো বুঝতেই পারেনি, এই ছবি সারা জীবনের জন্যই তোলা হয়েছিল।’



