ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের রাষ্ট্রদূত আগামী ১ থেকে ৩ মার্চ আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের আসন্ন তৃতীয় সম্মেলনের ওপর আলোকপাত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাছানের কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। চলতি বছরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে আলোচনা করেন তারা।
ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশিদের বৈধ অভিবাসন বৃদ্ধি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দু’দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয় বৈঠকে আলোচনা হয়।
ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে বলেন, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বৈধ উপায়ে আরও বাংলাদেশি সেখানে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়েই ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪





