রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আবদুল্লাহ আল হাসান জানান, উহ্ণাচিং মারমার কোমরের বাঁ পাশে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর শরীরের তাপমাত্রা কমে গেছে। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শৈবং মারমা বলেন, পাড়াবাসীর ভাষ্যমতে, কেএনএফ রিঝুকপাড়ায় চাঁদাবাজি করতে এসেছিল। দরিদ্র পাড়াবাসী চাঁদা দিতে না পারায় তাঁদের মারধর ও নির্যাতন করেছে। কেএনএফ বিভিন্ন পাড়া-গ্রামে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এবং চাঁদা না পেলে লোকজনকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান জানান, ভোরে রিঝুকপাড়ায় একদল চাঁদবাজ ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় উহ্ণাচিং মারমাকে গুলি করে। সন্ত্রাসীরা কেএনএফের সদস্য—দাবি পাড়াবাসীর। তবে তদন্ত করে সন্ত্রাসীদের প্রকৃত পরিচয় জানা যাবে।




