ভারতের দিল্লিতে চলমান কৃষক আন্দোলন দমনের জন্য হরিয়ানার দুটি স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়েছে। কৃষকরা তাদের আন্দোলনে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তাদের গ্রেপ্তার করে অস্থায়ী কারাগারে পাঠানো হবে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার দিল্লিতে কৃষকদের আন্দোলনের জন্য হরিয়ানায় দুটি বড় স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করে ভারত সরকার। হরিয়ানার চৌধুরী দলবীর সিং ইনডোর স্টেডিয়াম এবং গুরু গোবিন্দ সিং স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়। আন্দোলনে বাঁধা সৃষ্টি করতে দিল্লির অনেক জায়গায় কংক্রিট দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। সীমান্তে রাস্তায় কাঁটাতারের বেড়া এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার ১২ ফেব্রুয়ারি কৃষক ইউনিয়নগুলোকে তাদের দাবি উপস্থাপনের জন্য আরও একটি বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। বিরোধী দল এবং কৃষক গোষ্ঠির ব্যক্তিবর্গ তাদের সীমান্ত এলাকা অবরোধ করার তীব্র সমালোচনা করেছে।

সম্মিলিত কৃষক সমিতিগুলো উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব থেকে ফসলের ন্যূনতম মূল্য (এমএসপি) নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়নসহ তাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সীমান্তে রাস্তা অবরোধে সমালোচনা করে একটি ভিডিও বার্তায় বলেন, কৃষকের পথে পেরেক বা কাঁটা বিছানো কি ‘অমৃতকাল’ নাকি ‘অন্যায়কাল’? সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) ও রাস্তা অবরোধের প্রতিবাদ জানিয়ে ড. এস কে এম নেতা জগজিৎ সিং বলেছেন, পরিস্থিতি খারাপ হলে সম্পূর্ণ দায়ভার নিতে হবে সরকারকে।
সরকার ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৭টি জেলা, আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসাতে মোবাইল, ইন্টারনেটসহ যোগাযোগের সকল পরিষেবা বন্ধ রেখেছে।





