পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির আলোচনায় পিএমএল–এন ও পিপিপি

পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির আলোচনায় পিএমএল–এন ও পিপিপি

ভোটে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠনে অন্যান্য দলের দ্বারে দ্বারে যেতে হচ্ছে নওয়াজের দলকে। এরই মধ্যে পিপিপির সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছেন তাঁর ছোট ভাই শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট–পাকিস্তানের (এমকিউএম–পি) সঙ্গেও পিএমএল–এনের প্রাথমিক সমঝোতা হয়েছে। এ ছাড়া পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রাথীসহ ছয়জন স্বতন্ত্র প্রার্থীও নওয়াজের সঙ্গে হাত মিলিয়েছেন।

এরই মধ্যে গতকাল রোববার রাতে লাহোরে পিপিপি প্রধান বিলাওয়ালের বাড়িতে যান শাহবাজ শরিফ। সেখানে দুই দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকের পর দুই দলই বিবৃতিতে জানায়, তারা রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একমত হয়েছে।

সরকারের পাঁচ বছরের মেয়াদে পিএমএল–এন তিন বছর ও পিপিপি দুই বছর—এভাবে দুই ভাগে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। রোববারের বৈঠকে পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশেও জোট সরকার গঠনে সম্মত হয়েছে তারা।

জোট গঠনের পরই নিজ দল থেকে প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করা হবে বলে জানিয়েছেন পিএমএল–এন নেতা আতা তারার। তবে বিলাওয়ালকে এরই মধ্যে পিপিপি থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিপিপির নেতা ফয়সাল করিম কুন্দি আজ সোমবার বলেছেন, ‘বিলাওয়ালকে যদি প্রধানমন্ত্রী বানানো না হয়, তাহলে জাতীয় পরিষদে পিপিপির বিরোধী পক্ষে বসা উচিত হবে।’

Scroll to Top