ন্যাটোর সদস্য দেশে আক্রমণে রাশিয়াকে উৎসাহিত করবেন ট্রাম্প! | চ্যানেল আই অনলাইন

ন্যাটোর সদস্য দেশে আক্রমণে রাশিয়াকে উৎসাহিত করবেন ট্রাম্প! | চ্যানেল আই অনলাইন

ন্যাটোর যেসব দেশ তাদের আর্থিক দায়বদ্ধতা পালন করছে না, তাদের আক্রমণ করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় একটি প্রচারসভায় ট্রাম্প বলেন, ন্যাটোর একটি বড় দেশের প্রেসিডেন্ট বলেছেন, আমরা যদি অর্থ না দিই এবং রাশিয়া যদি আক্রমণ করে, তাহলে আপনারা কি আমাদের বাঁচাবেন? না, আমরা আপনাদের বাঁচাব না। বরং আমরা রাশিয়াকে আরও উৎসাহিত করব, যাতে তারা যা চায়, করতে পারে। আপনাদের অর্থ দিতেই হবে। নিজেদের বিল নিজেদেরই দিতে হবে।

Bkash

এই মন্তব্যের পর একটি বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের মন্তব্য ভয়ংকর, পাগলের প্রলাপ। সাবেক প্রেসিডেন্ট আদতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ ও সহিংসতার জন্য ছাড়পত্র দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি আরও যুদ্ধ ও সহিংসতার জন্য, ইউক্রেনের ওপর আগ্রাসন বাড়ানোর জন্য, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে আক্রমণ করার জন্য রাশিয়াকে ছাড়পত্র দিচ্ছেন।

ন্যাটোর চুক্তিতে বলা হয়েছে, প্রতিটি সদস্য দেশ তাদের জিডিপি-র দুই শতাংশ প্রতিরক্ষাখাতে খরচ করবে। কিন্তু অধিকাংশ দেশই এই লক্ষ্যমাত্রা পূরণ করে না বা করতে পারে না। তাই ৩১ দেশের সামরিক জোট ন্যাটো নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ প্রকাশ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Scroll to Top